Ridge Bangla

তরুণদের প্রযুক্তির উদ্ভাবক হিসেবে গড়ে তুলতে হবে: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী

বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, পরিবর্তিত বিশ্ব পরিস্থিতিতে তরুণ প্রজন্মকে শুধু প্রযুক্তির ব্যবহারকারী হিসেবে নয়, বরং প্রযুক্তির উদ্ভাবক ও নির্মাতা হিসেবে তৈরি করতে হবে। এ লক্ষ্য অর্জনে বিজ্ঞান শিক্ষা, গবেষণা ও উদ্ভাবন খাতে বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি বিজ্ঞানমনস্ক সংস্কৃতি গড়ে তোলা জরুরি।

রোববার ঢাকার আগারগাঁওয়ে বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্স মিলনায়তনে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফকির মাহবুব আনাম বলেন, বর্তমান সময়ে জ্ঞান, গবেষণা ও উদ্ভাবনে এগিয়ে থাকা জাতিগুলো অর্থনীতি, শিল্প, শিক্ষা ও উন্নয়নের ক্ষেত্রেও এগিয়ে যাচ্ছে। তাই বিজ্ঞানচর্চাকে শুধু অ্যাকাডেমিক কার্যক্রম হিসেবে দেখার সুযোগ নেই, বরং এটি একটি জাতির ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি এবং গুরুত্বপূর্ণ বিনিয়োগ।

তিনি বলেন, মানবসভ্যতার অগ্রগতির অন্যতম প্রধান শক্তি হলো বিজ্ঞান। ইতিহাসের প্রতিটি সময়ে বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়ন মানুষের জীবনকে সহজ, সমৃদ্ধ ও উন্নত করেছে। তাই ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় বিজ্ঞান ও প্রযুক্তিকে গুরুত্ব দেওয়ার বিকল্প নেই।

মন্ত্রী আরও বলেন, বাংলাদেশ এখন উন্নয়ন ও অগ্রগতির নতুন অধ্যায়ে প্রবেশ করেছে। একটি উদ্ভাবনী ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে দক্ষ মানবসম্পদ, গবেষণায় সক্ষম প্রতিষ্ঠান এবং উদ্ভাবনী চিন্তাধারার তরুণ প্রজন্ম প্রয়োজন।

ফকির মাহবুব আনাম বলেন, বিশ্ব বর্তমানে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের যুগে প্রবেশ করেছে। মেধাবীদের জন্য বিশ্বের দ্বার এখন উন্মুক্ত। জ্ঞান-বিজ্ঞান ও মেধা- প্রত্যেকটা ক্ষেত্রে প্রতিযোগিতা সর্বত্র। প্রতিযোগিতামূলক এই বিশ্বে টিকে থাকতে হলে, যথোপযুক্ত বিজ্ঞান শিক্ষায় শিক্ষিত হতে হবে। জ্ঞান-বিজ্ঞানে পারদর্শী হতে হবে। ব্যবহারিক এবং কারিগরি শিক্ষায় দক্ষ হতে হবে। শিক্ষা-দীক্ষা, জ্ঞান, বিজ্ঞান ও প্রযুক্তিতে নিজেদের প্রস্তুত করতে না পারলে ভবিষ্যতের বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন হয়ে পড়বে। আধুনিক জ্ঞান-বিজ্ঞান আর উদ্ভাবনী প্রযুক্তির এ সুযোগে নিজেকে দক্ষ করে গড়ে তোলার কোনো বিকল্প নেই।

‘উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি’ প্রতিপাদ্য নিয়ে সারা দেশের প্রতিযোগীদের অংশগ্রহণে ঢাকার জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্সে ১৪ থেকে ১৬ জুন ২০২৬ পর্যন্ত তিন দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপিত হচ্ছে।

This post was viewed: 2

আরো পড়ুন