Ridge Bangla

তনু হত্যা মামলার পোশাক পরীক্ষায় মিলেছে আরও একজনের নমুনা

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় নতুন করে আরও একজনের সম্পৃক্ততার তথ্য উঠে এসেছে। ডিএনএ পরীক্ষায় তনুর পোশাক থেকে তিনজন পুরুষের শুক্রাণুর পাশাপাশি একজনের রক্তের নমুনাও পাওয়া গেছে। ফলে এ পর্যন্ত মোট চারজনের নমুনা শনাক্ত হয়েছে।

এই মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের ঢাকা কল্যাণপুরের পরিদর্শক মো. তরিকুল ইসলাম রোববার (১৭ মে) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, কয়েক মাস আগে সিআইডির কাছে তনুর পোশাক থেকে সংগ্রহ করা নমুনা সম্পর্কে জানতে চেয়ে একটি চিঠি পাঠানো হয়েছিল। পরে প্রায় এক মাস আগে সিআইডি থেকে জানানো হয়, আগের তিনজনের শুক্রাণুর নমুনার পাশাপাশি আরও একজনের রক্তের অস্তিত্বও মিলেছে। এর মাধ্যমে সন্দেহভাজনের সংখ্যা দাঁড়িয়েছে চারজনে।

তবে তদন্ত সংশ্লিষ্টদের ভাষ্য অনুযায়ী, এটি পুরোপুরি নতুন কোনো তথ্য নয়। কারণ ২০১৭ সালেই তিনজনের তথ্য প্রকাশ্যে এসেছিল, আর এবার নতুনভাবে যুক্ত হয়েছে আরেকজনের রক্তের নমুনা।

উল্লেখ্য, ২০১৬ সালের ২০ মার্চ সন্ধ্যায় কুমিল্লা সেনানিবাস এলাকার একটি জঙ্গল থেকে সোহাগী জাহান তনুর মরদেহ উদ্ধার করা হয়। কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের এই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় দুই দফা ময়নাতদন্ত হলেও সেখানে মৃত্যুর সুস্পষ্ট কারণ উল্লেখ করা হয়নি।

This post was viewed: 2

আরো পড়ুন