রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের পাশ থেকে অজ্ঞাত পরিচয়ের ২ বৃদ্ধা নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (২৭ জুলাই) সকালে হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের পেছনের এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
মরদেহ উদ্ধারকারী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার আইয়ুব জানান, সকাল আনুমানিক ১০টার দিকে জরুরি বিভাগের ওসিসি ভবনের পেছনের সড়কে ওই ২ নারীকে অসুস্থ ও অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে হাসপাতাল কর্তৃপক্ষ ক্যাম্প পুলিশের সহায়তায় তাদের উদ্ধার করে জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাদের মৃত ঘোষণা করেন।
নিহত ২ নারীর আনুমানিক বয়স যথাক্রমে ৬০ ও ৫৮ বছর। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা ভবঘুরে ছিলেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
তিনি আরও জানান, নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় শাহবাগ থানাকেও অবহিত করা হয়েছে।