ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে দলটির অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় এ তথ্য জানানো হয়।
দলীয় সূত্রে দাবি করা হয়েছে, প্রাপ্ত কেন্দ্রভিত্তিক ফলাফলে দুই আসনেই ধানের শীষ প্রতীকের প্রার্থী তারেক রহমান উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে রয়েছেন। যদিও নির্বাচন কমিশনের পক্ষ থেকে আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা প্রক্রিয়া এখনও চলমান রয়েছে।
এদিন সকাল সাড়ে ৭টা থেকে সারা দেশের ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি একই দিনে দেশব্যাপী একটি গুরুত্বপূর্ণ গণভোটও অনুষ্ঠিত হয়েছে। ভোটগ্রহণ শেষে কেন্দ্রগুলোতে গণনা শুরু হয়েছে এবং ধাপে ধাপে ফলাফল প্রকাশ করা হচ্ছে। রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে বেসরকারি ফলাফল জানানো হলেও চূড়ান্ত ঘোষণা দেবে নির্বাচন কমিশন।