Skip to main content

Ridge Bangla

ঢাকা শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু ১ মার্চ

চলতি বছর উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফরম পূরণ আগামী ১ মার্চ থেকে শুরু হয়ে ৯ মার্চ পর্যন্ত চলবে। কোনো প্রকার বিলম্ব ফি ছাড়াই শিক্ষার্থীরা এ সময়ের মধ্যে অনলাইনে ফরম পূরণ সম্পন্ন করতে পারবে বলে জানিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিলম্ব ফি ছাড়া অনলাইনে ফরম পূরণের ফি জমা দেওয়া যাবে ১০ মার্চ পর্যন্ত। যারা নির্ধারিত সময়ে ফরম পূরণ করতে পারবেন না, তারা ১০০ টাকা বিলম্ব ফি-সহ ১১ মার্চ থেকে ১৮ মার্চ পর্যন্ত ফরম পূরণের সুযোগ পাবেন। বিলম্ব ফি-সহ টাকা জমা দেওয়ার শেষ তারিখ ১৮ মার্চ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বোর্ড নির্ধারিত ফি অনুযায়ী বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য (চতুর্থ বিষয়সহ) সর্বমোট ২ হাজার ৯৯৫ টাকা এবং মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের জন্য ২ হাজার ৪৩৫ টাকা ফি নির্ধারণ করা হয়েছে। তবে মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগে কোনো পরীক্ষার্থীর চতুর্থ বিষয়ে বা নৈর্বাচনিক বিষয়ে ব্যবহারিক পরীক্ষা থাকলে বিষয়প্রতি অতিরিক্ত ১৪০ টাকা যুক্ত হবে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো শিক্ষার্থীদের কাছ থেকে ২৪ মাসের বেশি টিউশন ফি আদায় করতে পারবে না।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আগামী ২৮ ফেব্রুয়ারি বোর্ডের ওয়েবসাইটে সম্ভাব্য পরীক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হবে। প্রতিষ্ঠানসমূহকে অবশ্যই এই তালিকা থেকে সঠিক পরীক্ষার্থী নির্বাচন করতে হবে। জিপিএ উন্নয়ন পরীক্ষার্থীদের ক্ষেত্রে ২০২৫ সালের পরীক্ষায় জিপিএ ৫-এর কম পাওয়া নিয়মিত শিক্ষার্থীরা সুযোগ পাবেন, তবে তাদের সব বিষয়েই পরীক্ষা দিতে হবে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়। নিয়মিত পরীক্ষার্থীদের ২০২৬ সালের এবং অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার্থীদের ২০২৫ সালের পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো চাইলে নিজস্ব ব্যবস্থাপনায় মডেল টেস্ট নিতে পারবে, তবে তা কোনো শিক্ষার্থীর জন্য বাধ্যতামূলক করা যাবে না এবং অতিরিক্ত ফি আদায় করা যাবে না।

সমাজসেবা অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের ক্ষেত্রে নির্বাচনি পরীক্ষায় অংশগ্রহণের শর্ত শিথিল করা হয়েছে। ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা শুরুর তারিখ পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। ফরম পূরণ-সংক্রান্ত যাবতীয় কার্যক্রম ঢাকা শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট (www.dhakaeducationboard.gov.bd) থেকে সম্পন্ন করতে হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

This post was viewed: 37

আরো পড়ুন