Skip to main content

Ridge Bangla

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ট্রাকে বাসের ধাক্কা, আহত ৮

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে যাত্রীবাহী বাস ধাক্কা দিলে অন্তত আটজন আহত হয়েছেন। দুর্ঘটনার পর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা উদ্ধার অভিযান চালিয়ে আহতদের হাসপাতালে পাঠান।

শুক্রবার (২৪ জুলাই) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন অর্প (২০), মুন্না (৩৫), নয়ন শেখ (৩৬), মো. আলী মিয়া শেখ (৪৭), ফারুক হোসেন (৪০), শিউলী আক্তার (৩০), খান মৌসুমী ফেরদৌস (৩৯) এবং হামিদুল ইসলাম (২৫)।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, শনিবার রাত ১২টা ৫ মিনিটে শ্রীনগর ফায়ার স্টেশনে দুর্ঘটনার খবর আসে। খবর পেয়ে একটি উদ্ধারকারী দল দ্রুত শ্রীনগর উপজেলার উমপাড়া এলাকায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে।

তিনি জানান, সাতক্ষীরা থেকে ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকামুখী একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে বাসের আটজন যাত্রী আহত হন।

পরে ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। বাকি সাতজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য এক্সপ্রেসওয়েতে যান চলাচলে ধীরগতি দেখা দিলেও ফায়ার সার্ভিসের তাৎক্ষণিক উদ্ধার অভিযান এবং দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নেওয়ার পর অল্প সময়ের মধ্যেই যান চলাচল স্বাভাবিক হয়ে আসে।

This post was viewed: 1

আরো পড়ুন