Ridge Bangla

ঢাকা-দিল্লি সম্পর্ক আরও জোরদারে আশাবাদ দুই দেশের

বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছে দুই দেশ। পারস্পরিক সহযোগিতা ও আস্থার ভিত্তিতে ভবিষ্যতে সম্পর্ক আরও গভীর হবে বলেও মত প্রকাশ করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) রাজধানীতে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মার এক সৌজন্য সাক্ষাতে এ আশাবাদ ব্যক্ত করা হয়।

তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে বাংলাদেশ ও ভারতের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। পাশাপাশি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার সম্ভাবনা ও উপায় নিয়েও আলোচনা করেন দুই পক্ষ।

আলোচনায় দুই দেশের ঐতিহাসিক সম্পর্কের গুরুত্ব তুলে ধরা হয়। একই সঙ্গে আঞ্চলিক স্থিতিশীলতা, বাণিজ্য সম্প্রসারণ, যোগাযোগ অবকাঠামো উন্নয়ন এবং বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে সহযোগিতা বৃদ্ধির বিষয়েও মতবিনিময় করা হয়।

বৈঠকে উভয় পক্ষই পারস্পরিক শ্রদ্ধা, আস্থা ও সহযোগিতার ভিত্তিতে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে দুই দেশের জনগণের কল্যাণে বিভিন্ন খাতে সহযোগিতা আরও বিস্তৃত হবে।

This post was viewed: 3

আরো পড়ুন