Ridge Bangla

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিলের ঘটনায় গ্রেপ্তার ১২

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা অংশে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঝটিকা মিছিলের ঘটনায় করা মামলায় ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চান্দিনা ও বুড়িচং উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের মধ্যে যুবলীগ, কৃষকলীগ, ছাত্রলীগ ও আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী রয়েছেন।

পুলিশ জানায়, গত ১ জুন চান্দিনা উপজেলার বড়গোবিন্দপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আকস্মিক মিছিল ও সমাবেশ করেন। এ ঘটনায় চান্দিনা থানার উপপরিদর্শক মিথুন কুমার মণ্ডল বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনের বিভিন্ন ধারায় মামলা করেন।

মামলায় ১৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।

মামলার পর চান্দিনা ও বুড়িচং উপজেলায় অভিযান শুরু করে পুলিশ। বুধবার সন্ধ্যা পর্যন্ত গ্রেপ্তার হওয়া ১২ জনের মধ্যে রয়েছেন চান্দিনা পৌর যুবলীগের সাবেক সহসভাপতি মনির হোসেন, ইউনিয়ন যুবলীগ সভাপতি ও কলেজ শিক্ষক আক্তার হোসেন শাহিন এবং উপজেলা কৃষকলীগের সহসভাপতি এম এ আলী এরশাদ।

এ ছাড়া পৃথক অভিযানে বুড়িচং উপজেলা ছাত্রলীগ নেতা মো. কামরুজ্জামান, মৎস্যজীবী লীগ নেতা মো. মমিনুল ইসলাম, আওয়ামী লীগ নেতা অহিদ মেম্বার ও রবিউল হাসানসহ আরও কয়েকজনকে আটক করা হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক মো. হুমায়ন কবির জানান, গত তিন দিনের অভিযানে মোট ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ৯ জন মামলার এজাহারভুক্ত এবং তিনজন সন্দেহভাজন। পরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আতিকুর রহমান বলেন, মিছিল ও সমাবেশটি চান্দিনা উপজেলার বড়গোবিন্দপুর এলাকায় হওয়ায় আইন অনুযায়ী চান্দিনা থানায় মামলা করা হয়েছে।

তিনি আরও জানান, গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। মামলার তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে।

This post was viewed: 5

আরো পড়ুন