মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ব্যস্ততম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একদিনেই তিনটি পৃথক দুর্ঘটনায় যান চলাচল দীর্ঘ সময় ব্যাহত হয় এবং রাজধানীমুখী যাত্রীদের তীব্র ভোগান্তিতে পড়তে হয়।
বুধবার (২ জুলাই) ভোর থেকে বিকেল পর্যন্ত গজারিয়ার বালুয়াকান্দি, মেঘনা সেতু এবং বড়ুইকান্দি ভাটেরচর এলাকায় এই তিনটি দুর্ঘটনা ঘটে।
প্রথম দুর্ঘটনাটি ঘটে ভোর ৪টা ২০ মিনিটে বালুয়াকান্দি এলাকায়। ঢাকা-মুখী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা খায়। এতে ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক মো. রসিদ (৪৫) ও সহকারী মিজানুর রহমান (৩২) গুরুতর আহত হন। গজারিয়া ফায়ার সার্ভিস দ্রুত তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটে সকাল সাড়ে ৭টার দিকে মেঘনা সেতুর উপর। একটি ট্রাক বিভাজকের উপর উঠে গিয়ে মহাসড়কের যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। এতে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়। সকাল সাড়ে ৯টা পর্যন্ত যান চলাচল বন্ধ থাকে। পরে ধীরগতিতে যানবাহন চলতে শুরু করে এবং দুপুর ১২টার দিকে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়।
বিকেল পৌনে ৩টায় ঘটে দিনের তৃতীয় দুর্ঘটনা। টেংগারচর ইউনিয়নের বড়ুইকান্দি ভাটেরচর এলাকায় আল-আরাফা পরিবহনের একটি বাস ফুটওভার ব্রিজের পিলারে ধাক্কা খায়। এতে বাসটি ক্ষতিগ্রস্ত হয় এবং কয়েকজন যাত্রী আহত হন।
যাত্রীদের অভিযোগ, চালকদের অসাবধানতাই এসব দুর্ঘটনার জন্য দায়ী। গজারিয়া হাইওয়ে পুলিশের ইনচার্জ শওকত হোসেন বলেন, “বেপরোয়া গতির কারণেই দুর্ঘটনা বাড়ছে। আমরা যানজট নিরসন ও দুর্ঘটনা রোধে নিয়মিত তৎপর রয়েছি।”