ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্ব পেয়েছেন স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব ড. মুহা. মনিরুজ্জামান। সোমবার (৯ মার্চ) স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা এক অফিস আদেশে তাকে নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে এ নিয়োগ দেওয়া হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে। প্রচলিত বিধি-বিধান অনুযায়ী অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য তিনি নির্ধারিত ভাতা প্রাপ্য হবেন। স্থানীয় সরকার বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ঢাকা ওয়াসার কার্যক্রমে ধারাবাহিকতা বজায় রাখা এবং চলমান প্রশাসনিক কার্যক্রম নির্বিঘ্ন রাখতে দ্রুত এ নিয়োগ দেওয়া হয়েছে। নতুন এমডি হিসেবে ড. মনিরুজ্জামান অবিলম্বে দায়িত্ব গ্রহণ করবেন বলে জানা গেছে।
এর আগে রোববার (৮ মার্চ) ঢাকা ওয়াসার সাবেক এমডি আব্দুস সালাম ব্যাপারী পদত্যাগ করেন। তিনি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিবের দপ্তরে পদত্যাগপত্র জমা দিলে তা গৃহীত হয়। পদত্যাগ গ্রহণের পর সংস্থাটির শীর্ষ পদটি শূন্য হয়ে পড়ে। ড. মনিরুজ্জামান দীর্ঘদিন ধরে প্রশাসনে দায়িত্ব পালন করছেন এবং স্থানীয় সরকার বিভাগের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে যুক্ত ছিলেন।