Ridge Bangla

ঢাকাসহ ৭টি বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস, তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ও বায়ুমণ্ডলীয় পরিবর্তনের প্রভাবে ঢাকাসহ দেশের সাত বিভাগে আগামী কয়েকদিন বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে প্রকাশিত সংস্থাটির পাঁচ দিনের বিশেষ পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘণ্টা দেশের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। তবে সোমবার সকাল থেকে আবহাওয়ার পরিবর্তন শুরু হওয়ার আশঙ্কা রয়েছে। এদিন সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার থেকে বৃষ্টির বিস্তৃতি আরও বাড়তে পারে। এদিন ময়মনসিংহ ও সিলেট বিভাগেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ফলে দেশের প্রায় সব প্রধান বিভাগেই বৃষ্টির প্রভাব অনুভূত হতে পারে।

বুধবার ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু এলাকায় ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি অব্যাহত থাকতে পারে বলেও জানানো হয়েছে। বৃষ্টিপাতের কারণে ওই দিন থেকে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমে আসতে পারে।

আবহাওয়া অফিস জানিয়েছে, বর্তমানে বিষুবীয় ভারত মহাসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে, যা ঘনীভূত হয়ে পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। এর প্রভাবে উত্তরীয় বায়ুর সঙ্গে জলীয় বাষ্পের সংমিশ্রণে বজ্রবাহী মেঘের সৃষ্টি হচ্ছে এবং এর ফলেই বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে।

This post was viewed: 13

আরো পড়ুন