বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নতুন করে এগিয়ে নিতে আগ্রহ প্রকাশ করেছে ভারত। নয়াদিল্লি জানিয়েছে, পারস্পরিক মর্যাদা ও স্বার্থের ভিত্তিতে দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী করতে চায় তারা। বাংলাদেশের পক্ষ থেকে অগ্রাধিকার নির্ধারণ করা হলে সে অনুযায়ী আলোচনা এগিয়ে নিতে প্রস্তুত রয়েছে দিল্লি।
নয়াদিল্লিতে সফররত বাংলাদেশি সাংবাদিকদের একটি প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়কালে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি এ কথা বলেন। তিনি জানান, অন্তর্বর্তী সরকারের সময়ে দুই দেশের যোগাযোগ কিছুটা ধীর হয়ে পড়লেও সংলাপ অব্যাহত ছিল।
আলোচনায় তিস্তার পানিবণ্টন, গঙ্গা চুক্তির নবায়ন, ভিসা সহজীকরণ, বাণিজ্য সম্প্রসারণ এবং সেপা (সিইপিএ) চুক্তির মতো গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে। বিক্রম মিশ্রি বলেন, বাংলাদেশ ও ভারতের জনগণের কল্যাণে যৌথভাবে কাজ করতে চায় ভারত সরকার।
তিনি আরও জানান, ২০২৪ সালে তার ঢাকা সফর এবং ২০২৫ সালে ব্যাংককে মুহাম্মদ ইউনূস ও নরেন্দ্র মোদির বৈঠক দুই দেশের সম্পর্ক এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। নবনির্বাচিত বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বের সঙ্গেও যোগাযোগ শুরু হয়েছে বলে জানান তিনি।
তিস্তা ও গঙ্গা পানিবণ্টন প্রসঙ্গে ভারতের পররাষ্ট্র সচিব বলেন, অভিন্ন নদীগুলোর পানি ব্যবস্থাপনা নিয়ে যৌথ নদী কমিশন ও কারিগরি কমিটির মাধ্যমে আলোচনা অব্যাহত থাকবে।