Skip to main content

Ridge Bangla

ঢাকায় তাপমাত্রা কমবে ২ ডিগ্রি সেলসিয়াস, হালকা বৃষ্টির সম্ভাবনা

আজ রোববার (২০ জুলাই) দিনের প্রথমার্ধে রাজধানী ঢাকা ও আশপাশের অঞ্চলে তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে করে গতকালের তুলনায় গরমের অনুভূতি কিছুটা কম হতে পারে।

পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। একইসঙ্গে কোথাও কোথাও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে।

রোববার (২০ জুলাই) সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সময়ের জন্য দেওয়া পূর্বাভাসে আরও জানানো হয়, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা কিছুটা কমে আসার সম্ভাবনা রয়েছে।

আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮.৮ ডিগ্রি সেলসিয়াস, যেখানে গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৩ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৬ ডিগ্রি সেলসিয়াস। সকালে বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৯ শতাংশ। গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল খুবই সামান্য, যা ‘ট্রেস’ হিসেবে উল্লেখ করা হয়েছে।

এদিকে, গতকাল রাতে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সারাদেশের সম্ভাব্য পূর্বাভাসে জানানো হয়েছে, আগামী পাঁচ দিনের মধ্যে অর্থাৎ ২৪ জুলাইয়ের মধ্যে উত্তর বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এটি শক্তি সঞ্চয় করে ঘনীভূত হওয়ার সম্ভাবনা থাকলেও, ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা নেই।

আজ সন্ধ্যা ৬টার মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনার কথাও জানিয়েছে আবহাওয়া অফিস। পূর্বাভাস অনুযায়ী, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতও হতে পারে।

তাপমাত্রার বিষয়ে জানানো হয়েছে, দেশের উত্তরাঞ্চলে দিনের ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে, তবে দেশের অন্যান্য অংশে তা প্রায় অপরিবর্তিত থাকবে।

This post was viewed: 60

আরো পড়ুন