Ridge Bangla

ঢাকায় অনুপম রায়ের কনসার্ট স্থগিত

রাজধানীতে পশ্চিমবঙ্গের জনপ্রিয় সংগীতশিল্পী, গীতিকার ও সুরকার অনুপম রায় এবং তার ব্যান্ডের নির্ধারিত কনসার্ট স্থগিত করা হয়েছে। আয়োজনের মাত্র এক দিন আগে এ সিদ্ধান্ত জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান ইয়ামাহা মিউজিক বাংলাদেশ।

শুক্রবার (২৬ জুন) রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে ‘ওয়ান ট্রু সাউন্ড’ নামে বিশেষ এই কনসার্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে বৃহস্পতিবার (২৫ জুন) অনুষ্ঠানটি স্থগিতের বিষয়টি নিশ্চিত করে আয়োজক প্রতিষ্ঠান।

ইয়ামাহা মিউজিক বাংলাদেশ জানায়, কনসার্ট আয়োজনের জন্য প্রয়োজনীয় সব অনুমতি নেওয়া হলেও বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আপাতত অনুষ্ঠানটি স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

আয়োজকদের পক্ষ থেকে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে কনসার্টের নতুন তারিখ ঘোষণা করা হবে। তা সম্ভব না হলে টিকিটধারীদের জন্য অর্থ ফেরত প্রক্রিয়া সম্পর্কে জানানো হবে। যারা চাইবেন, তারা টিকিটের টাকা ফেরত নিতে পারবেন।

কনসার্ট স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন অনুপম রায়ও। তিনি জানান, বৃহস্পতিবার সকালে আয়োজকদের কাছ থেকে এ সিদ্ধান্তের কথা জানতে পেরেছেন।

ইয়ামাহা মিউজিক বাংলাদেশ ও ট্রিপল টাইম কমিউনিকেশনসের যৌথ আয়োজনে ‘ওয়ান ট্রু সাউন্ড’ কনসার্টে অনুপম রায় ও তার ব্যান্ডের পাশাপাশি ‘বেঙ্গল সিম্ফনি’রও পরিবেশনার কথা ছিল।

This post was viewed: 2

আরো পড়ুন