Ridge Bangla

ঢাকাবাসীর মাথাপিছু আয় ৫ হাজার ১৬৩ ডলার

দেশে মাথাপিছু গড় আয় বর্তমানে ২ হাজার ৮২০ ডলার হলেও ঢাকাবাসীর বাৎসরিক মাথাপিছু আয় ৫ হাজার ১৬৩ ডলার বলে জানিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। রাজধানীকেন্দ্রিক অর্থনৈতিক কাঠামোর ওপর পরিচালিত এক জরিপে এই তথ্য উঠে এসেছে।

শনিবার (২৫ অক্টোবর) রাজধানীর মতিঝিলে ডিসিসিআই কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনটির পক্ষ থেকে জরিপের ফলাফল প্রকাশ করা হয়। এতে দেখা যায়, দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৪৬ শতাংশ অবদান রাখছে ঢাকা। একই সঙ্গে দেশের মোট কর্মসংস্থানের ৪০ শতাংশই রাজধানীভিত্তিক।

জরিপে আরও উল্লেখ করা হয়েছে, দেশের মোট জনসংখ্যার ১১ শতাংশের বেশি মানুষ বর্তমানে ঢাকায় বসবাস করছে, যা এশিয়ার শহরগুলোর মধ্যে অন্যতম সর্বোচ্চ ঘনত্বের একটি। এছাড়া দেশের মোট রপ্তানির ৪০ শতাংশও আসে রাজধানী অঞ্চল থেকে।

ডিসিসিআই জানায়, বর্তমানে দেশের উৎপাদন খাতের ৫৬ শতাংশ নিয়ন্ত্রণ করছে মাত্র ৩৬৫টি প্রতিষ্ঠান। এর মধ্যে সেবা খাতের বড় অংশ, প্রায় ২৮৯টি প্রতিষ্ঠান, ঢাকায় অবস্থান করছে। তৈরি পোশাক শিল্পেও রাজধানীর আধিপত্য রয়েছে, এই খাতের ৫৮ শতাংশ উৎপাদন নিয়ন্ত্রণ করছে মাত্র ২১৪টি প্রতিষ্ঠান।

ডিসিসিআইয়ের বিশ্লেষণে বলা হয়, ঢাকার এই অতিমাত্রায় কেন্দ্রিক অর্থনৈতিক নির্ভরতা দেশের আঞ্চলিক বৈষম্য বাড়াচ্ছে। এজন্য শিল্প, অবকাঠামো ও কর্মসংস্থানকে বিভাগীয় শহর ও উপজেলা পর্যায়ে ছড়িয়ে দেওয়ার পরামর্শ দিয়েছে সংগঠনটি।

This post was viewed: 87

আরো পড়ুন