Skip to main content

Ridge Bangla

ডেঙ্গু পরীক্ষার রিএজেন্ট ও কিটের পর্যাপ্ত মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

ডেঙ্গু শনাক্তে প্রয়োজনীয় রিএজেন্ট ও পরীক্ষার কিট সরকারের কাছে পর্যাপ্ত পরিমাণে মজুত রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, এ ধরনের প্রস্তুতি অতীতে কোনো সরকারের সময় ছিল না। ইতোমধ্যে মাঠপর্যায়ে প্রয়োজনীয় টেস্ট কিট সরবরাহ করা হয়েছে এবং কেন্দ্রীয় গুদামেও পর্যাপ্ত রিএজেন্ট ও কিট সংরক্ষিত রয়েছে।

বুধবার (১৫ জুলাই) বিকেলে জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী জানান, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ৯ জুলাই পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৬ হাজার ১৭৫ জন। একই সময়ে এ রোগে মারা গেছেন ২২ জন।

তিনি বলেন, ২০২৫ সালের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল ১৫ হাজার ২১০ জন এবং মৃত্যু হয়েছিল ৫৮ জনের। অন্যদিকে, চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৯৭৮ জন এবং মারা গেছেন ২৮ জন। তার ভাষ্য, এ সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় অর্ধেকেরও কম।

সরদার মো. সাখাওয়াত হোসেন জানান, দেশের সব উপজেলা পর্যায়ে পর্যাপ্ত স্যালাইন সরবরাহ নিশ্চিত করা হয়েছে। প্রয়োজন হলে যেকোনো সময় প্রয়োজনীয় পরিমাণ স্যালাইন সরবরাহ করার সক্ষমতাও সরকারের রয়েছে। স্যালাইন বা ডেঙ্গু শনাক্তকরণ কিটের সংকটে কোনো রোগী যাতে চিকিৎসা থেকে বঞ্চিত না হন, সে ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, ডেঙ্গু রোগীদের চিকিৎসায় আইসিইউ, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা, ওষুধ, চিকিৎসক ও নার্সসহ সব ধরনের প্রস্তুতি সম্পন্ন রয়েছে। শ্বাসকষ্টজনিত জটিলতা দেখা দিলে তা মোকাবিলায় ভেন্টিলেটর ও আইসিইউ সুবিধাও প্রস্তুত রাখা হয়েছে। চিকিৎসার অভাব বা অবহেলার কারণে যেন কোনো রোগীর মৃত্যু না হয়, সেটিই সরকারের লক্ষ্য বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।

This post was viewed: 18

আরো পড়ুন