Ridge Bangla

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৯২ জন

দেশে ডেঙ্গু পরিস্থিতি অব্যাহতভাবে অবনতি হচ্ছে। গত ২৪ ঘণ্টায় শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত এ রোগে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৯২ রোগী। শনিবার (১৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো দৈনিক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, একদিনে ভর্তি হওয়া নতুন রোগীদের মধ্যে বরিশালে ১২৫ জন, চট্টগ্রামে ১৩৬ জন, ঢাকার সিটি কর্পোরেশনের বাইরে ১০৭ জন, ঢাকা উত্তর সিটিতে ২২৬ জন, দক্ষিণ সিটিতে ১২১ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৬০ জন এবং সিলেট বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ২ জন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় দেশে ৭৮৩ জন রোগী চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন। চলতি বছরে এ পর্যন্ত মোট ছাড়পত্র পেয়েছেন ৮০ হাজার ২৪৩ জন। জানুয়ারি থেকে এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮৩ হাজার ৮৫৮ জনে। এ সময়ে মৃত্যুবরণ করেছেন মোট ৩৩১ জন। এ বছরের ডেঙ্গু পরিস্থিতি তুলনামূলকভাবে গত দুই বছরের চেয়ে নিয়ন্ত্রিত হলেও আক্রান্তের সংখ্যা এখনো উদ্বেগজনক বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ২০২৪ সালে সারাদেশে এক লাখ এক হাজার ২১৪ জন আক্রান্ত হন এবং মৃত্যুবরণ করেন ৫৭৫ জন। আর ২০২৩ সালে ডেঙ্গুতে রেকর্ড ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয় এবং আক্রান্ত হন তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।

This post was viewed: 37

আরো পড়ুন