দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৬৯ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
বুধবার (৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন ১০ জন। মৃতদের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার পাঁচজন, উত্তর সিটি করপোরেশনের তিনজন এবং খুলনা ও বরিশাল বিভাগের একজন করে রয়েছেন।
একই সময়ে সারাদেশে হাসপাতালে ভর্তি হয়েছেন নতুন ১,০৬৯ জন ডেঙ্গু রোগী। তাদের মধ্যে বরিশাল বিভাগে সিটি করপোরেশনের বাইরে ১২৮ জন, চট্টগ্রামে ৯৯ জন, ঢাকার বাইরে ২১৯ জন, ঢাকা উত্তর সিটিতে ২৫১ জন, দক্ষিণ সিটিতে ১৫২ জন, খুলনায় ৬৮ জন, ময়মনসিংহে ৭০ জন, রাজশাহীতে ৩৪ জন, রংপুরে ৩৪ জন এবং সিলেটে ৫ জন রোগী ভর্তি হয়েছেন।
এদিকে, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯৫৮ জন রোগী। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সারাদেশে মোট ৭৫ হাজার ৯৯২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭১ হাজার ৪৮৭ জন এবং মৃত্যু হয়েছে ৩০২ জনের।