ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) ক্যাম্পাসে সংঘর্ষের জেরে সোমবার (১৮ মে) সকাল থেকে ব্লকেড কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের সব ফটক বন্ধ করে প্রবেশপথে অবস্থান নিয়েছেন তারা। শিক্ষার্থী ছাড়া কাউকে ক্যাম্পাসে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।
নতুন উপাচার্য যেন ক্যাম্পাসে ঢুকতে না পারেন, সেজন্য প্রতিটি ফটকে পাহারা দিচ্ছেন আন্দোলনকারীরা।
এর আগে রোববার রাতে শিক্ষার্থীরা তিন দফা দাবি উত্থাপন করেন। তাদের দাবির মধ্যে রয়েছে সংঘর্ষে জড়িতদের স্থায়ী বহিষ্কার, ক্যাম্পাসে সব ধরনের ছাত্ররাজনীতি নিষিদ্ধ করা এবং আহত শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের খরচে চিকিৎসার ব্যবস্থা করা।
শিক্ষার্থীরা জানান, যে উপাচার্যের আমলে শিক্ষার্থীদের রক্ত ঝরেছে, তাকে তারা আর ক্যাম্পাসে দেখতে চান না। পাশাপাশি ডুয়েটের জ্যেষ্ঠ শিক্ষকদের মধ্য থেকে নতুন উপাচার্য নিয়োগের দাবি জানিয়েছেন তারা। বাইরের কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে ভিসি হিসেবে মেনে নেবেন না বলেও স্পষ্ট করেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
উল্লেখ্য, রোববার দুই পক্ষের সংঘর্ষের পর থেকেই ক্যাম্পাসে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে। নিরাপত্তার জন্য বিশ্ববিদ্যালয়ের বাইরে বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। সংঘর্ষের ঘটনায় ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবির পরস্পরকে দায়ী করছে।