Skip to main content

Ridge Bangla

ডিসেম্বরে পরীক্ষা চলাকালেই শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছে দিতে চায় সরকার

আগামী শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক শিক্ষার্থীদের কাছে ডিসেম্বরেই পৌঁছে দিতে চায় সরকার। এ লক্ষ্যে ৩০ নভেম্বরের মধ্যে সব পাঠ্যপুস্তক প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন।

সোমবার (৬ জুলাই) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে পাঠ্যপুস্তক প্রকাশ কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান শিক্ষামন্ত্রী।

তিনি বলেন, শিক্ষার্থীরা যখন ডিসেম্বরে বার্ষিক পরীক্ষা দেবে, তখনই তাদের হাতে নতুন বই পৌঁছে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। নতুন বছরের শুরুতেই যাতে সব শিক্ষার্থী বই পায়, সে বিষয়েই সভায় আলোচনা হয়েছে।

শিক্ষামন্ত্রী জানান, পাঠ্যপুস্তক ছাপানোর ক্ষেত্রে সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার আগাম প্রস্তুতি নিয়েছে। বর্তমানে দরপত্র প্রক্রিয়া চলমান রয়েছে। আগস্টের শুরুতেই কার্যাদেশ দেওয়া হবে, যাতে দ্রুত বই মুদ্রণের কাজ শুরু করা যায়।

তিনি আরও বলেন, পাঠ্যক্রমে কিছু পরিমার্জন আনা হচ্ছে। এর অংশ হিসেবে বিভিন্ন শ্রেণিতে নতুন ৪টি বই যুক্ত হবে।

ভাষা শিক্ষা বিষয়ে শিক্ষক নিয়োগকে একটি বড় চ্যালেঞ্জ উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, এ বিষয়ে এখনো কার্যক্রম শুরু হয়নি। আগামী বছর থেকে শিক্ষক নিয়োগের কাজ শুরু হবে।

This post was viewed: 14

আরো পড়ুন