Ridge Bangla

ডিসেম্বরের প্রথম সপ্তাহেই ঘোষিত হবে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তারিখ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ডিসেম্বরের প্রথম সপ্তাহে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এ লক্ষ্যে আগামী ১৫ নভেম্বরের মধ্যে নির্বাচনী নিরাপত্তা ও প্রশাসনিক প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন তিনি।

বুধবার (২৯ অক্টোবর) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।

প্রেস সচিব জানান, আগামী ১ নভেম্বর থেকে নির্বাচনকালীন প্রশাসনিক পদায়ন শুরু হবে। ইতোমধ্যে ৬৪ জেলার জেলা প্রশাসকদের দায়িত্ব বণ্টনের জন্য তালিকা তৈরি করা হয়েছে। কর্মকর্তাদের নিজ জেলা, শ্বশুরবাড়ি বা আত্মীয়-স্বজনদের এলাকায় পদায়ন করা হবে না। পাশাপাশি, গত তিনটি নির্বাচনে যারা রিটার্নিং অফিসার, পোলিং এজেন্ট বা প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেছেন, তাদের এবারের নির্বাচনে রাখা হবে না বলেও জানান তিনি।

শফিকুল আলম আরও বলেন, নির্বাচনের সময় সামাজিক মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ভুয়া তথ্য ও অপপ্রচার ছড়ানোর আশঙ্কা রয়েছে। এ ধরনের অপতৎপরতা রোধে ইতোমধ্যে নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা। এছাড়া মিসইনফরমেশন ও ডিসইনফরমেশন মোকাবিলায় একটি বিশেষ কমিটি গঠন করা হবে এবং আইনশৃঙ্খলা বাহিনী যেকোনো পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত রয়েছে।

প্রধান উপদেষ্টার উদ্ধৃতি দিয়ে শফিকুল আলম বলেন, “নির্বাচন বানচালের চেষ্টা ভেতর ও বাইরে থেকে হতে পারে। নানা অপশক্তি সক্রিয় থাকবে, হঠাৎ আক্রমণও হতে পারে। এই নির্বাচন হবে চ্যালেঞ্জিং। তবে যত বাধা-ঝড়ই আসুক, আমাদের তা অতিক্রম করতেই হবে।”

চূড়ান্তভাবে সব প্রস্তুতি সম্পন্ন করে একটি স্বচ্ছ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের লক্ষ্যেই কাজ করছে অন্তর্বর্তী সরকার।

This post was viewed: 45

আরো পড়ুন