Skip to main content

Ridge Bangla

ডিবি প্রধান রেজাউল করিম মল্লিক অপসারণ

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধান অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিককে তার পদ থেকে অপসারণ করা হয়েছে। রোববার (১৩ এপ্রিল) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।

রেজাউল করিম মল্লিক ১৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা। তিনি ১৯৯৮ সালে বাংলাদেশ পুলিশে যোগ দেন এবং সিআইডি-সহ পুলিশের বিভিন্ন ইউনিটে দায়িত্ব পালন করেন। গত বছরের ৫ আগস্টের পর প্রায় এক মাস ডিবি প্রধানের পদটি শূন্য থাকার পর ১ সেপ্টেম্বর তাকে এই পদে নিয়োগ দেওয়া হয়।

সম্প্রতি মডেল মেঘনা আলমকে আটক নিয়ে ডিবি বিতর্কের মুখে পড়ে। গত ৭ এপ্রিল তাকে রাজধানীর বাসা থেকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। পরে ১০ এপ্রিল রাতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত তার বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে ৩০ দিনের আটকাদেশ দেন।

এই ঘটনার জেরে গোয়েন্দা বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। এমন প্রেক্ষাপটে রেজাউল করিম মল্লিককে ডিবি প্রধানের পদ থেকে অপসারণ করা হয় এবং তাকে ডিএমপির অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) হিসেবে সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।

This post was viewed: 62

আরো পড়ুন