বেতন ছাড়াই দেশের মেয়েরা যাতে ‘ডিগ্রি পর্যন্ত’ পড়াশোনা করতে পারে, সরকার তা নিশ্চিত করবে বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যশোরের শার্শায় আয়োজিত এক জনসভায় বক্তৃতাকালে এ কথা বলেন তিনি।
সোমবার (২৭ এপ্রিল) ‘উলসী-যদুনাথপুর’ খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন শেষে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। প্রধানমন্ত্রী বলেন, দেশের নারীদের শিক্ষার উন্নয়নে সরকার দীর্ঘদিন ধরে কাজ করছে। তারই ধারাবাহিকতায় নতুন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি উল্লেখ করেন, পূর্বে দেশনেত্রী খালেদা জিয়া নারীদের জন্য প্রথমে স্কুল এবং পরে ইন্টারমিডিয়েট পর্যায় পর্যন্ত শিক্ষা বিনামূল্যে করার উদ্যোগ গ্রহণ করেছিলেন। সেই কর্মসূচিকে আরও এগিয়ে নিতে বর্তমান সরকার মেয়েদের জন্য ডিগ্রি পর্যন্ত শিক্ষা ফ্রি করার সিদ্ধান্ত নিয়েছে।
প্রধানমন্ত্রী আরও বলেন, শুধু বিনামূল্যে শিক্ষা নয়, যারা ভালো ফলাফল করবে, তাদের জন্য বিশেষ উপবৃত্তির ব্যবস্থাও করা হবে। এর মাধ্যমে মেধাবী শিক্ষার্থীরা ভবিষ্যতে আরও উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ পাবে।