Ridge Bangla

ডিএফপি কার্যালয়ে নির্মাতাদের ওপর হামলা, সিসিটিভি ফুটেজ গায়েব

চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর (ডিএফপি) কার্যালয়ে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাতাদের ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। সোমবার (৩০ মার্চ) বিকেলে সংস্থাটির মহাপরিচালকের কক্ষে এই হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। এ ঘটনায় কয়েকজন নির্মাতা গুরুতর আহত হয়েছেন এবং কার্যালয়ে চরম উত্তেজনা বিরাজ করছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সাবেক উপদেষ্টা মাহফুজ আলমের উদ্যোগে জুলাই অভ্যুত্থান নিয়ে ‘জুলাই ফাইটার্স’, ‘জুলাই কন্যা’, ‘জুলাই বিধবা’ এবং ‘অসহযোগ থেকে অভ্যুত্থান’-এর মতো বেশ কিছু চলচ্চিত্রের অনুদান অনুমোদন করা হয়েছিল।

জুলাই অভ্যুত্থানকে কেন্দ্র করে নির্মিত কয়েকটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের অনুদানের অর্থ ছাড়ের বিষয়ে কথা বলতে ডিএফপিতে যান নির্মাতারা। অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে তাদের বিল আটকে রাখা হয়েছিল।

নির্ধারিত দিনে মহাপরিচালকের কক্ষে অবস্থানকালে চিত্রগ্রাহক মশিউরের নেতৃত্বে একদল ব্যক্তি হঠাৎ তাদের ওপর হামলা চালায়।

হামলায় নির্মাতা মোসফাকুর রহমান জোহান ও জাহিন ফারুক আমিনসহ কয়েকজন আহত হন। গুরুতর আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার পরপরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছায়।

এদিকে, হামলার পর ডিএফপি কার্যালয়ের সিসিটিভি ফুটেজ রহস্যজনকভাবে গায়েব হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। দাবি করা হচ্ছে, প্রমাণ নষ্ট করতে সিসিটিভি সিস্টেম রিবুট করা হয়েছে, যা অভ্যন্তরীণ সহযোগিতা ছাড়া সম্ভব নয়।

ঘটনার পর বিভিন্ন মহলে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। ভুক্তভোগীরা মামলার প্রস্তুতি নিচ্ছেন। সংশ্লিষ্টরা ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। একইসঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানানো হয়েছে।

This post was viewed: 19

আরো পড়ুন