ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) আর্থিক সংকট নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে আলোচনা শুরু হওয়ার পর এ বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন সংস্থাটির সাবেক প্রশাসক মোহাম্মদ এজাজ। তিনি দাবি করেছেন, দায়িত্ব শেষ করে যাওয়ার সময় ডিএনসিসির তহবিলে ১২৬০ কোটির বেশি টাকা ছিল।
বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান। পোস্টে মোহাম্মদ এজাজ বলেন, সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে তিনি এক বছরের জন্য চুক্তিবদ্ধ ছিলেন এবং সেই মেয়াদের শেষ দিন ছিল ১০ ফেব্রুয়ারি ২০২৬।
তিনি জানান, দায়িত্ব হস্তান্তরের সময় ডিএনসিসির মোট ২৬টি ব্যাংক অ্যাকাউন্টে ১২৬০ কোটি ১৫ লাখ ৫১ হাজার ৩১১ টাকা ৬০ পয়সা জমা ছিল। ফলে সংস্থাটির আর্থিক সংকট নিয়ে যে আলোচনা চলছে, তার সঙ্গে বাস্তব পরিস্থিতির মিল নেই বলে ইঙ্গিত দেন তিনি।
ফেসবুক পোস্টে মোহাম্মদ এজাজ আরও লেখেন, ঢাকা শহরকে আরও সুন্দর ও বাসযোগ্য করে তুলতে বর্তমান টিম ভালো কাজ করবে বলে তিনি আশাবাদী। একই সঙ্গে তিনি তাদের প্রতি শুভকামনা জানান।