Skip to main content

Ridge Bangla

ডিএনএ টেস্টে নির্দোষ প্রমাণিত মাওলানা জুবায়ের মানসিক ভারসাম্যহীনতায় ভুগছেন

মিথ্যা ধর্ষণ মামলায় কারাভোগের পর ডিএনএ পরীক্ষায় নির্দোষ প্রমাণিত হলেও ফেনীর আলোচিত ইমাম মাওলানা মুজাফফর আহমদ জুবায়েরের জীবন এখন চরম বিপর্যস্ত। কারামুক্তির পর সামাজিক অপমান, দীর্ঘ আইনি লড়াই ও মানসিক চাপের কারণে তিনি মানসিক ভারসাম্য হারিয়ে বর্তমানে রাজধানীর আদাবরের একটি বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, কারাগারে থাকাকালেই তিনি আত্মহত্যার চেষ্টা করেন এবং পরে মুক্তির পরও তার মানসিক অবস্থার উন্নতি হয়নি। বৃহস্পতিবার (১৪ মে) রাতে ঢাকার একটি বাসায় অবস্থানকালে তিনি হঠাৎ আক্রমণাত্মক হয়ে ওঠেন এবং ভাঙচুর চালান বলে জানা গেছে। পরে পুলিশ তাকে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে নিয়ে যায়।

চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা শেষে তাকে স্থিতিশীল ঘোষণা করলেও পূর্ণাঙ্গ ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব হয়নি। পরে পরিবারের সদস্যরা তাকে আদাবরের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করেন।

পরিবার ও সংশ্লিষ্টরা জানান, দীর্ঘদিনের মানসিক আঘাত ও সামাজিক অবমাননার কারণেই তার এই অবস্থা তৈরি হয়েছে। চিকিৎসক ডা. সাইদুল আশরাফ কুশল তাকে আজীবন বিনামূল্যে চিকিৎসা দেওয়ার ঘোষণা দিয়েছেন।

উল্লেখ্য, ২০১৯ সালের একটি ঘটনায় ২০২৪ সালে তার বিরুদ্ধে ধর্ষণ মামলা হয় এবং তিনি ৩২ দিন কারাভোগ করেন। পরবর্তীতে ডিএনএ পরীক্ষায় প্রমাণ হয়, ঘটনাটির সঙ্গে তিনি জড়িত নন।

This post was viewed: 26

আরো পড়ুন