Skip to main content

Ridge Bangla

ডাকসুর তফসিল ২৯ জুলাই, নির্বাচন সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে

চলতি বছরের জুলাই মাসের ২৯ তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) তফসিল ঘোষণা করা হবে এবং সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ডাকসু নির্বাচন কমিশন।

রোববার (২০ জুলাই) সকালে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত এক সভায় ডাকসুর প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দীন এই ঘোষণা দেন। তিনি বলেন, “২৯ জুলাই তফসিল ঘোষণা করব। নির্বাচন সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে হবে।”

সভায় জানানো হয়, এবারের ডাকসু নির্বাচন ছয়টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। কেন্দ্র ও ভোটারদের হলভিত্তিক বিন্যাস হলো:

১. কার্জন হল কেন্দ্র (পরীক্ষার হল) — ড. মুহম্মদ শহীদুল্লাহ হল, অমর একুশে হল ও ফজলুল হক হল
২. শারীরিক শিক্ষা কেন্দ্র — জগন্নাথ হল, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ও সলিমুল্লাহ মুসলিম হল
৩. ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) — রোকেয়া হল, শামসুন নাহার হল ও কবি সুফিয়া কামাল হল
৪. ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব কেন্দ্র — বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল ও শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল
৫. সিনেট ভবন কেন্দ্র (অ্যালামনাই ফ্লোর, সেমিনার কক্ষ, ডাইনিং রুম) — স্যার এ এফ রহমান হল, হাজী মুহম্মদ মহসীন হল ও বিজয় একাত্তর হল
৬. উদয়ন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র — সূর্য সেন হল, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, শেখ মুজিবুর রহমান হল ও কবি জসীম উদ্দীন হল

ডাকসু নির্বাচনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বহুদিন ধরে দাবি জানিয়ে আসছিলেন। এই নির্বাচন শিক্ষার্থীদের অংশগ্রহণমূলক নেতৃত্ব ও গণতান্ত্রিক চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

This post was viewed: 65

আরো পড়ুন