বিশ্ব কূটনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে চীনের সাম্প্রতিক উচ্চপর্যায়ের বৈঠকগুলো। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেইজিং সফর শেষ হওয়ার পরপরই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সম্ভাব্য চীন সফরের খবর সামনে এসেছে।
সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির তথ্য অনুযায়ী, আগামী ২০ মে সংক্ষিপ্ত এক সফরে বেইজিং যেতে পারেন পুতিন। এটি মূলত রাশিয়া ও চীনের নিয়মিত দ্বিপক্ষীয় যোগাযোগের অংশ হিসেবে অনুষ্ঠিত হতে পারে। তবে এখনো সফরের তারিখ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি কোনো পক্ষ।
এর আগে তিন দিনের চীন সফর শেষে দেশে ফেরেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যা ছিল নয় বছর পর কোনো মার্কিন প্রেসিডেন্টের দেশটিতে প্রথম সফর।
ট্রাম্পের সফরের পরপরই পুতিনের সম্ভাব্য বেইজিং সফর আন্তর্জাতিক অঙ্গনে নতুন রাজনৈতিক বার্তা হিসেবে দেখা হচ্ছে। বিশ্লেষকদের মতে, একই মাসে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার শীর্ষ নেতাদের আতিথেয়তা দিয়ে চীন বৈশ্বিক কূটনীতিতে নিজের অবস্থান আরও শক্তভাবে তুলে ধরছে।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, সফরের প্রস্তুতি প্রায় সম্পন্ন এবং শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। তিনি দাবি করেন, এই সফরের পরিকল্পনা আগে থেকেই ছিল এবং এর সঙ্গে ট্রাম্পের চীন সফরের সরাসরি কোনো সম্পর্ক নেই।