ইরানসহ মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
ওয়াশিংটনে অনুষ্ঠিতব্য এ বৈঠকে ইরান ইস্যুর পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তা এবং মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার উদ্যোগ নিয়ে আলোচনা হতে পারে বলে জানিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়।
যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হওয়ার আগে নেতানিয়াহু বলেন, ‘আলোচনার সূচিতে থাকা সব বিষয় নিয়ে আমরা কথা বলব। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইরান। একই সঙ্গে আমাদের লক্ষ্য হবে ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করা এবং আমাদের চারপাশে শান্তির পরিধি আরও বিস্তৃত করা।’
তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী হিসেবে আমার অভিজ্ঞতায় দেখেছি, এমন জটিল সময়ে দৃঢ়তা ও প্রজ্ঞা, দুটো নিয়েই এগোতে হয়।’
নিজের এই সফরকে গুরুত্বপূর্ণ উল্লেখ করে নেতানিয়াহু বলেন, ‘আমি একটি স্পষ্ট লক্ষ্য নিয়েই এই সফরে যাচ্ছি। আর সেটি হচ্ছে, আমাদের প্রিয় রাষ্ট্র ইসরায়েলের নিরাপত্তা এবং ভবিষ্যৎ নিশ্চিত করা।’
নেতানিয়াহু জানান, ট্রাম্প দ্বিতীয়বার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এটি দুই নেতার অষ্টম বৈঠক। তার ভাষ্য, ‘ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে অন্য যেকোনো দেশের রাষ্ট্রপ্রধানের তুলনায় আমার সঙ্গে তার বৈঠকই সবচেয়ে বেশি হয়েছে। এটি যেমন বড় সম্মানের, তেমনি বড় দায়িত্বও।’
ট্রাম্পের সঙ্গে বৈঠকের পাশাপাশি যুক্তরাষ্ট্র সফরে সিনেটর লিন্ডসে গ্রাহামের শেষকৃত্যানুষ্ঠানেও অংশ নেবেন নেতানিয়াহু। গত ১২ জুলাই স্বল্প সময়ের অসুস্থতার পর মারা যান এই মার্কিন সিনেটর।