Skip to main content

Ridge Bangla

ট্রাম্পের তেহরান খালি করার হুমকির পরই সেখানে বিস্ফোরণের শব্দ

ইরানিদের অবিলম্বে তেহরান খালি করার হুঁশিয়ারি দিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। বিষয়টি নিশ্চিত করেছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

ট্রাম্প তার পোস্টে লিখেছেন, “সবাইকে এখনই তেহরান ত্যাগ করতে হবে।” তবে এই সতর্কবার্তার পেছনে নির্দিষ্ট কোনো কারণ তিনি উল্লেখ করেননি। তার এই মন্তব্য আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগ ও আশঙ্কার জন্ম দিয়েছে।

পোস্টে ট্রাম্প আরও লেখেন, “ইরান আমার প্রস্তাবিত চুক্তি মেনে নিলে আজকের প্রাণহানি এড়ানো যেত। এটা দুঃখজনক ও অনর্থক প্রাণহানি। পরিষ্কার করে বলছি—ইরান পারমাণবিক অস্ত্র গ্রহণ করতে পারে না। আমি বারবার এটা বলেছি!”

ট্রাম্পের এই হুমকির পরই ইরানের রাজধানী তেহরানে বিস্ফোরণের শব্দ শোনা যায় বলে বিভিন্ন সূত্র জানিয়েছে। মধ্যরাতে তেহরানে বিস্ফোরণ ও গোলাগুলির শব্দে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

অন্যদিকে, ইরান একাধিকবার ইসরাইলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এর ফলে তেল আবিব ও হাইফা বন্দরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ইসরাইলি সেনাবাহিনী জনগণকে নিরাপদ আশ্রয়কেন্দ্রে থাকার নির্দেশ দিয়েছে এবং ইরানে সামরিক প্রতিক্রিয়ার প্রস্তুতি জোরদার করেছে। তারা এর আগে ইরানের কিছু অঞ্চলের বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশও দেয়।

এই চলমান সংঘাতে এখন পর্যন্ত ইরানে অন্তত ২২৪ জন এবং ইসরাইলে ২৪ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে।

This post was viewed: 50

আরো পড়ুন