মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানের পর একে অপরের ওপর হামলা বন্ধ রাখার কথা জানিয়েছে ইরান ও ইসরায়েল। গতকাল সোমবার দেশ দুটি এ সিদ্ধান্তের কথা জানায়। তবে লেবাননে হিজবুল্লাহর ওপর ইসরায়েলি হামলা চলতে থাকলে আবারও সংঘাতে ফেরার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। খবর রয়টার্সের।
বিষয়টি সম্পর্কে অবগত একটি সূত্র জানিয়েছে, ইসরায়েলও আপাতত ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে।
এর আগে গত রোববার গভীর রাতে ইসরায়েল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় তেহরান। ইরানের দাবি, বৈরুতের উপকণ্ঠে ইরান-সমর্থিত হিজবুল্লাহ যোদ্ধাদের ওপর হামলার জবাব দিতেই এই পদক্ষেপ নেওয়া হয়।
এর প্রতিক্রিয়ায় ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ও একটি পেট্রোকেমিক্যাল কারখানায় হামলা চালায় ইসরায়েল। তবে দুই পক্ষই জানিয়েছে, এসব হামলায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।
হামলার পর ট্রাম্প জানান, ইসরায়েল ও ইরান উভয়েই দ্রুত যুদ্ধবিরতি চায়। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি লিখেছেন, ‘শান্তি প্রতিষ্ঠার জন্য চূড়ান্ত আলোচনা এগিয়ে চলছে, যদি না অজ্ঞতা বা নির্বুদ্ধিতা তার পথে বাধা হয়ে দাঁড়ায়।’
এদিকে মার্কিন ও ইসরায়েলি কর্মকর্তাদের বরাতে জানা গেছে, সোমবার ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে ফোনালাপ হয়েছে।
এ বিষয়ে ট্রাম্প বলেন, ‘আমি বলেছি, ‘বিবি, তোমার সতর্ক থাকা উচিত। নইলে খুব শিগগিরই তুমি একা হয়ে যাবে।’