Skip to main content

Ridge Bangla

ট্রাম্পকে হত্যায় ১ কোটি ডলার পুরস্কার ঘোষণা ইরাকের সশস্ত্র গোষ্ঠীর

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যা করতে পারলে ১ কোটি ডলার পুরস্কার দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছে ইরাকভিত্তিক সশস্ত্র গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক। বর্তমান বিনিময় হার অনুযায়ী, এ অর্থের পরিমাণ প্রায় ১২৩ কোটি ১২ লাখ টাকা। বৃহস্পতিবার (১৬ জুলাই) ইরানপন্থি সংগঠনটি এ ঘোষণা দেয়।

সংগঠনটির প্রকাশিত বিবৃতিতে বলা হয়, ‘বিশ্বের স্বাধীনতাকামী মানুষ শিশু ও বিজ্ঞানীদের হত্যাকারীকে খুঁজে বের করার প্রচেষ্টা চালিয়ে যাবে। স্বৈরাচারীরা কখনও শান্তি পাবে না। সম্মানিত মানুষের ক্ষোভ থেকে ওই অপরাধী (ট্রাম্প) নিরাপদ আশ্রয় খুঁজে পাবে না।’

বিবৃতিতে আরও বলা হয়েছে, তাদের যোদ্ধাদের জন্য প্রতিশোধ নেওয়া ‘বাধ্যতামূলক অঙ্গীকার’। একই সঙ্গে সংগঠনটি বলেছে, ‘শহিদদের রক্ত অভিশাপ হয়ে অহংকারীদের সিংহাসন কাঁপিয়ে দেবে; যতক্ষণ না আগ্রাসনকারীরা পরাজিত হয় এবং স্বৈরাচারের দুর্গগুলো চূর্ণ হয়।’

এদিকে গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি ওয়াশিংটনে হোয়াইট হাউসে ইরাকের প্রধানমন্ত্রী আলি আল-জাইদির সঙ্গে বৈঠকে ডোনাল্ড ট্রাম্প বলেন, ২০২০ সালে ইরানের জ্যেষ্ঠ সামরিক কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানি এবং ইরাকের মিলিশিয়া নেতা আবু মাহদি আল-মুহান্দিস হত্যাকাণ্ডে তার ভূমিকা ছিল।

প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্পের এ প্রকাশ্য বক্তব্যকে ইতিবাচকভাবে নেয়নি ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক। এর পরই সংগঠনটি ট্রাম্পকে হত্যা করতে পারলে ১ কোটি ডলার পুরস্কার দেওয়ার ঘোষণা দেয়।

This post was viewed: 30

আরো পড়ুন