Ridge Bangla

ট্রাম্পকে গালিবাফের হুঁশিয়ারি, ‘একপাক্ষিক চুক্তির যুগ শেষ’

ইরানের সঙ্গে করা সমঝোতা স্মারক কার্যত শেষ হয়ে গেছে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের পর পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার ও দেশটির প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ। তিনি বলেছেন, একপাক্ষিক চুক্তির যুগ শেষ হয়ে গেছে।

রোববার (১২ জুলাই) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গালিবাফ বলেন, ‘একপাক্ষিক চুক্তির যুগ শেষ। আমরা আপনাদের বলেছিলাম, কথা রাখুন, নইলে মূল্য দিতে হবে। বাস্তবতা দরজায় কড়া নাড়ছে।’

পোস্টটির সঙ্গে সমঝোতা স্মারকের ৫ নম্বর অনুচ্ছেদের একটি ছবি যুক্ত করেন গালিবাফ। ওই অনুচ্ছেদে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়টি উল্লেখ রয়েছে।

সেখানে বলা হয়েছে, হরমুজ প্রণালি খুলতে ইসলামিক প্রজাতন্ত্র ইরান প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। পোস্টে এ অংশটি বিশেষভাবে তুলে ধরা হয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্র ও ইরান তৃতীয় দফায় পাল্টাপাল্টি হামলা চালিয়েছে। দুই দেশের সংঘাতে উপসাগরীয় অঞ্চলে অস্থিতিশীলতা বেড়েছে।

অন্যদিকে হরমুজ প্রণালিতে ইরানের কার্যকর অবরোধের কারণে জ্বালানির দাম ব্যাপকভাবে বেড়েছে। এতে বিশ্বজুড়ে মূল্যস্ফীতির চাপও বৃদ্ধি পেয়েছে। নভেম্বরের আগাম নির্বাচনের আগে এ পরিস্থিতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য সংবেদনশীল হয়ে উঠেছে।

ইরান জানিয়েছে, কয়েকটি জাহাজ একটি ‘অননুমোদিত পথে’ নৌপথ অতিক্রমের চেষ্টা করেছিল। গতিপথ পরিবর্তনের জন্য বার্তা পাঠানো হলেও জাহাজগুলো তা উপেক্ষা করে।

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী জানিয়েছে, অঞ্চলে মার্কিন হস্তক্ষেপ শেষ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে।

মার্কিন কেন্দ্রীয় কমান্ডের তথ্য অনুযায়ী, ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর বিবৃতির প্রায় ১ ঘণ্টা পর শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে হামলা শুরু করে যুক্তরাষ্ট্র।

এর আগে ইরান জানিয়েছিল, কন্টেইনার জাহাজে হামলার ঘটনায় যুক্তরাষ্ট্র কোনো পদক্ষেপ নিলে মধ্যপ্রাচ্যে ‘শত্রুদের নতুন ঘাঁটি’ লক্ষ্যবস্তু করা হবে।

This post was viewed: 2

আরো পড়ুন