Skip to main content

Ridge Bangla

টোকিও চলচ্চিত্র উৎসবে ‘নীলপদ্ম’-এর জয়

আন্তর্জাতিক অঙ্গনে সম্মানজনক স্বীকৃতি অর্জন করল বাংলাদেশের চলচ্চিত্র ‘নীলপদ্ম’। সদ্য সমাপ্ত টোকিও লিফট অফ চলচ্চিত্র উৎসব ২০২৫-এ ‘বেস্ট ফিচার ফিল্ম’ বিভাগে পুরস্কৃত হয়েছে ছবিটি। এটি পরিচালনা করেছেন তৌফিক এলাহি, আর প্রধান চরিত্রে অভিনয় করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী রুনা খান।

খবরটি নিশ্চিত করে নির্মাতা তৌফিক এলাহি বলেন, “সিলেকশনের পর থেকেই আমাদের জানানো হয়েছিল, ছবিটি বিচারকদের বিবেচনায় রয়েছে। প্রতিটি ধাপে তারা আমাদের আপডেট দিচ্ছিলেন। তবে সত্যি বলতে, এতগুলো আন্তর্জাতিক প্রতিযোগী ছবির ভিড়ে ‘নীলপদ্ম’ যে সেরা নির্বাচিত হবে, তা কল্পনা করিনি।”

তিনি আরও জানান, “‘নীলপদ্ম’ একটি গবেষণানির্ভর প্রজেক্ট। দৌলতদিয়ার যৌনকর্মীদের জীবনসংগ্রাম, মানবাধিকার, সামাজিক অবস্থান—এসব নিয়েই ছবির মূল উপজীব্য। এই অর্জন কেবল আমার একার নয়, এটি শিল্পী, কলাকুশলী, প্রযোজক, এবং ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিন টিমের সম্মিলিত প্রচেষ্টার ফল।”

চলচ্চিত্রটিতে রুনা খানের পাশাপাশি অভিনয় করেছেন রাশেদ মামুন অপু, রোকেয়া প্রাচী, সুজাত শিমুল, শাহেদ আলী, একে আজাদ সেতু প্রমুখ। সংবেদনশীল বিষয়বস্তু, শক্তিশালী অভিনয়, নির্মাণশৈলী ও মানবিক গল্প বলার ভঙ্গির কারণে ‘নীলপদ্ম’ ইতোমধ্যেই দর্শক ও সমালোচকদের মন জয় করেছে।

টোকিও লিফট অফ উৎসবে পুরস্কার পাওয়া এই ছবির মাধ্যমে আবারও প্রমাণ হলো, বাংলাদেশি চলচ্চিত্র আন্তর্জাতিক মঞ্চে নতুন সম্ভাবনার দুয়ার খুলছে।

This post was viewed: 145

আরো পড়ুন