নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে টেনশন গ্রুপ নামে পরিচিত কিশোর গ্যাংয়ের লিডার রাইসুল ইসলাম সীমান্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২ নম্বর ওয়ার্ড এলাকা থেকে স্থানীয়রা তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।
প্রত্যক্ষদর্শীদের দাবি, মৌচাক এলাকায় সীমান্তকে দেখতে পেয়ে জনতা তাকে আটকে মারধর করার পর আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দেয়। পরে পুলিশ এসে তাকে হেফাজতে নেয়।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি আবদুল বারিক বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে হত্যা ও হত্যাচেষ্টাসহ বৈষম্যবিরোধী আন্দোলন-সংশ্লিষ্ট মোট ১৮টি মামলার তথ্য প্রাথমিকভাবে পাওয়া গেছে। আরও কোনো মামলা রয়েছে কিনা তা যাচাই করা হচ্ছে।
পুলিশ সূত্রে জানা গেছে, সীমান্ত সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের প্রভাবশালী নেতা শফিকুল ইসলাম শফিকের ছেলে। অতীতে তার বিরুদ্ধে একাধিক গুরুতর অপরাধের অভিযোগ রয়েছে।
উল্লেখ্য, এর আগে সিদ্ধিরগঞ্জ এলাকায় কিশোর গ্যাংয়ের কার্যক্রম নিয়ে নানা অভিযোগ ওঠে।
খোঁজ নিয়ে জানা গেছে, বিগত স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের শাসনামলে নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের আশ্রয়-প্রশ্রয়ে ওই এলাকায় নানা ধরনের অপরাধমূলক কার্যক্রমে যুক্ত ছিলেন সীমান্ত।