কক্সবাজারের টেকনাফে বাংলাদেশি বংশোদ্ভূত চার বছর বয়সী এক মার্কিন নাগরিক শিশুকে অপহরণচেষ্টার অভিযোগে তিনজনকে আটক করেছে র্যাব।
বুধবার (৩ জুন) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) এবং সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক।
আটকরা হলেন টেকনাফ পৌরসভার নাইট্যং পাড়ার হাফেজ উল্লাহর ছেলে কেফায়েত উল্লাহ (২৪), নতুন পল্লান পাড়ার আব্দুস ছালামের ছেলে শাহাব উদ্দিন (২৮) এবং একই এলাকার মৃত কামাল হোসেনের ছেলে আব্দুর রজব মিয়া (৩৫)।
র্যাব জানায়, শিশুটির বাবা টেকনাফ পৌরসভার নতুন পল্লান পাড়ার বাসিন্দা ছিলেন। বর্তমানে তিনি মার্কিন নাগরিক। প্রায় এক মাস আগে শিশুটি বাবা-মায়ের সঙ্গে টেকনাফে দাদার বাড়িতে বেড়াতে আসে।
আ. ম. ফারুক জানান, মঙ্গলবার (২ জুন) দুপুরে টেকনাফ পৌরসভার নতুন পল্লান পাড়ায় শিশুটিকে একা পেয়ে কয়েকজন দুর্বৃত্ত অপহরণের চেষ্টা করে। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা অপহরণকারীদের ধাওয়া করেন।
পরে পশ্চিম গোদারবিল এলাকায় স্থানীয়রা তিনজনকে আটক করতে সক্ষম হন। খবর পেয়ে র্যাবের একটি দল ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করে এবং আটক ব্যক্তিদের নিজেদের হেফাজতে নেয়।
র্যাব কর্মকর্তা আরও জানান, শিশুটিকে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।