Ridge Bangla

টেকনাফে মাটির নিচ থেকে গ্রেনেড ও গোলা উদ্ধার করেছে কোস্ট গার্ড

কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে মাটির নিচে লুকিয়ে রাখা ১০টি তাজা গ্রেনেড, ২৮ রাউন্ড তাজা গোলা ও ২ কেজি গাঁজা উদ্ধার করেছে কোস্ট গার্ড। তবে অভিযানের বিষয়টি টের পেয়ে সংশ্লিষ্টরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি।

রোববার দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানিয়েছেন।

কোস্ট গার্ড জানায়, নাফ নদী ও বাংলাদেশ-মায়ানমার সমুদ্রসীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, মাদক ও মানব পাচার, অস্ত্র চোরাচালান এবং সন্ত্রাসী কর্মকাণ্ড ঠেকাতে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। এর অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, টেকনাফ থানার জাদিমুড়া নাফ নদী সংলগ্ন এলাকায় একটি সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী বিপুল পরিমাণ গোলা ও গ্রেনেড মাটির নিচে সংরক্ষণ করেছে। বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে এগুলো পরিবহনের পরিকল্পনা ছিল।

এই তথ্যের ভিত্তিতে শনিবার দিবাগত রাতে কোস্ট গার্ড স্টেশন টেকনাফের একটি বিশেষ দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় মাটির নিচে বিশেষভাবে লুকানো অবস্থায় মিয়ানমার সামরিক বাহিনীতে ব্যবহৃত ২টি ৩৬ এম এমকে-১ হ্যান্ড গ্রেনেড, ৮টি ৪০ এমএম এইচইডিপি গ্রেনেড এবং ২৮ রাউন্ড ৭ দশমিক ৬২ মিমি তাজা গোলা উদ্ধার করা হয়। পাশাপাশি ২ কেজি গাঁজাও জব্দ করা হয়।

কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযানের সময় পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য গোয়েন্দা তৎপরতা চলছে।

সংস্থাটি জানায়, উদ্ধার করা বিস্ফোরক সন্ত্রাসী বা অসাধু ব্যক্তিদের হাতে গেলে বড় ধরনের ক্ষতির আশঙ্কা ছিল। এই অভিযানের মাধ্যমে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে সম্ভাব্য নাশকতার একটি বড় পরিকল্পনা প্রতিহত করা হয়েছে।

উদ্ধার করা গ্রেনেড, গোলা ও গাঁজার বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে। সীমান্ত এলাকায় সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কোস্ট গার্ড।

This post was viewed: 5

আরো পড়ুন