Ridge Bangla

টেকনাফে তেলের ট্যাঙ্কে লুকানো ৪০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ২

কক্সবাজারের টেকনাফে মাদকবিরোধী অভিযানে একটি মিনি পিকআপের তেলের ট্যাঙ্কের ভেতর বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ ঘটনায় ২ জনকে আটক করা হয়েছে। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত মিনি পিকআপটি জব্দ করা হয়েছে।

রোববার (২৮ জুন) দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার রাত ১টার দিকে টেকনাফ থানার কেরুনতলী কালভার্টসংলগ্ন এলাকায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফের একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে একটি সন্দেহভাজন মিনি পিকআপে তল্লাশি চালিয়ে গাড়িটির তেলের ট্যাঙ্কের ভেতরে অভিনব কৌশলে লুকিয়ে রাখা ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ কোটি টাকা।

এ ঘটনায় মাদক পাচারের অভিযোগে ২ জনকে আটক করা হয়েছে। পাশাপাশি ইয়াবা পরিবহনে ব্যবহৃত মিনি পিকআপটিও জব্দ করা হয়েছে।

বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, উদ্ধার হওয়া ইয়াবা, জব্দ করা যানবাহন এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

This post was viewed: 1

আরো পড়ুন