কক্সবাজারের টেকনাফে ইয়াবা পাচারের অভিযোগে এক প্রাইভেটকার চালককে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাঁর কাছ থেকে এক লাখ ছয় হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার সকালে উখিয়া ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেপ্তার ব্যক্তি কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের পরানিয়া গ্রামের বাসিন্দা মোহাম্মদ ইসমাইলের ছেলে মো. সাইফুল ইসলাম খোকন (৩৬)।
বিজিবি জানায়, গত ২৭ জুলাই রাত ১০টার দিকে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি প্রাইভেটকার হোয়াইক্যং চেকপোস্টে পৌঁছালে কর্তব্যরত সদস্যরা সেটিতে তল্লাশি চালান।
তল্লাশির একপর্যায়ে প্রাইভেটকারটির সামনের বাম্পারের ভেতরে কালো পলিথিনে মোড়ানো অবস্থায় অভিনব কৌশলে লুকিয়ে রাখা ১৬টি প্যাকেট থেকে এক লাখ ছয় হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় প্রাইভেটকারের চালক মো. সাইফুল ইসলাম খোকনকে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকার ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
উখিয়া ৬৪ বিজিবির অধিনায়ক আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তি স্বীকার করেছেন, টেকনাফ থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে কক্সবাজারে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।
তিনি বলেন, এ ঘটনার সঙ্গে জড়িত মাদক সরবরাহকারী ও চোরাকারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।