Skip to main content

Ridge Bangla

টেইলর সুইফটের বিয়ের নিরাপত্তায় ব্যয় ১ লাখ ৬০ হাজার ডলার

বিশ্বখ্যাত পপ তারকা টেইলর সুইফট ও এনএফএল তারকা ট্র্যাভিস কেলসির বিয়েকে ঘিরে নিরাপত্তা ও প্রশাসনিক ব্যবস্থাপনায় বড় অঙ্কের অর্থ ব্যয় হয়েছে। নিউইয়র্ক সিটি কর্তৃপক্ষ জানিয়েছে, বিশেষ নিরাপত্তা ও নগরসেবা বাবদ ১ লাখ ৬০ হাজার ডলারের বেশি, যা প্রায় ১ কোটি ৮৫ লাখ টাকা, পরিশোধ করা হয়েছে।

শুক্রবার এক সংবাদ সম্মেলনে নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি এ তথ্য জানান। তিনি বলেন, অনুষ্ঠানের কয়েক দিন আগে বিশেষ আয়োজনের অনুমতিপত্র দেওয়া হয়। পরিশোধ করা অর্থ শহর কর্তৃপক্ষের অতিরিক্ত নিরাপত্তা ও প্রশাসনিক সেবার ব্যয় মেটাতে ব্যবহার করা হয়েছে।

গত ৩ জুলাই ম্যাডিসন স্কয়ার গার্ডেনে বিয়ের মূল আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হয়। এতে প্রায় ১ হাজার অতিথি উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন অভিনেতা ও কৌতুকশিল্পী অ্যাডাম স্যান্ডলার।

অতিথিদের তালিকায় ছিলেন অভিনেতা হিউ গ্র্যান্ট, ইথান হক ও জেসন সুডেইকিস। সংগীতশিল্পী বেনসন বুন এবং এনএফএল তারকা ক্রিস জোনস ও কুপার কাপসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গনের পরিচিত ব্যক্তিরাও অনুষ্ঠানে অংশ নেন।

বিয়েকে কেন্দ্র করে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেয় নিউইয়র্ক পুলিশ বিভাগ। পুলিশ কমিশনার জেসিকা টিশ জানান, নিরাপত্তা নিশ্চিত করতে একটি বিশেষ দল মোতায়েন করা হয়েছিল।

এ সময় ম্যাডিসন স্কয়ার গার্ডেনের আশপাশের কয়েকটি সড়কে সাময়িকভাবে যান চলাচল বন্ধ রাখা হয়। ময়নিহান ট্রেন হল ও পেন স্টেশনের কয়েকটি প্রবেশপথেও নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছিল।

বিয়ের আয়োজনের পাশাপাশি দাতব্য উদ্যোগের কারণেও আলোচনায় এসেছেন টেইলর সুইফট ও ট্র্যাভিস কেলসি। তাদের প্রতিনিধির বরাত দিয়ে জানা গেছে, বিয়ের আগে বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠানে মোট ২৬ মিলিয়ন ডলার বা প্রায় ৩০০ কোটি টাকা অনুদান দিয়েছেন এই তারকা দম্পতি।

অনুদানের একটি বড় অংশ পেয়েছে নিউইয়র্কভিত্তিক ‘অ্যানসার দ্য কল’ সংস্থা। কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্য ও দমকলকর্মীদের পরিবারকে আর্থিক সহায়তা দিতে কাজ করে প্রতিষ্ঠানটি।

This post was viewed: 39

আরো পড়ুন