Ridge Bangla

টুকটুকে লাল গাড়িটি মাকে উপহার দিতে চান তৌহিদ হৃদয়

ছয়বারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করার মোক্ষম সুযোগ ছিল বাংলাদেশের সামনে। তবে সিরিজের শেষ ওয়ানডেতে রুদ্ধশ্বাস লড়াইয়ের পর ১ উইকেটের রোমাঞ্চকর জয় পেয়ে সেই লজ্জা এড়ালো সফরকারীরা। অবশ্য টানা দুই ম্যাচ জিতে আগেই সিরিজ নিজেদের পকেটে পুরেছিল স্বাগতিক বাংলাদেশ।

পুরস্কারের মঞ্চে বাংলাদেশের হয়ে সবচেয়ে বড় আকর্ষণ ছিলেন তাওহীদ হৃদয়। সিরিজের ‘মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার’ নির্বাচিত হয়ে চেরি ব্র্যান্ডের একটি লাল টুকটুকে গাড়ি পুরস্কার পেয়েছেন তিনি। ৩ ম্যাচে ৭৭ গড়ে ১৫৪ রান করা হৃদয় আজ শেষ ম্যাচেও খেলেছেন সর্বোচ্চ ৮৩ রানের ইনিংস।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় হৃদয় জানান, পুরস্কার হিসেবে পাওয়া নতুন গাড়িটি তিনি তার মাকে উপহার দিতে চান।

এ বিষয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে তিনি লেখেন, ‘মা, তোমার জন্য একটা গাড়ি কেনার নিয়ত করেছিলাম, তার কয়েকদিনের মধ্যেই পেয়ে গেলাম! অদ্ভুত না?’

এদিকে শেষ ম্যাচে ১৩৪ বলে ১৪৯ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে ম্যাচসেরা ও সিরিজের সর্বোচ্চ রানসংগ্রাহক হয়েছেন অস্ট্রেলিয়ান ওপেনার কুপার কনোলি। তবে দীর্ঘ ৪ বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেই সিরিজসেরার পুরস্কার ছিনিয়ে নিয়েছেন বাংলাদেশের মোসাদ্দেক হোসেন সৈকত। ৩ ম্যাচে ২ ফিফটিসহ ১৫৭ রান ও ২ উইকেট শিকার করে এই কীর্তি গড়েন তিনি।

এছাড়া বল হাতে সিরিজে যৌথভাবে সর্বোচ্চ ৬টি করে উইকেট নিয়েছেন দুই বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।

This post was viewed: 4

আরো পড়ুন