Skip to main content

Ridge Bangla

টিসিবির কার্যক্রমে স্বচ্ছতা আনতে নাগরিক সমাজকে সম্পৃক্ত করা হবে: বাণিজ্যমন্ত্রী

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করতে ভবিষ্যতে নাগরিক সমাজকে আরও সক্রিয়ভাবে সম্পৃক্ত করা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে সিলেট নগরের লাক্কাতুরা এলাকায় টিসিবির ভ্রাম্যমাণ ট্রাকসেল কার্যক্রম আকস্মিকভাবে পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী জানান, সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির লক্ষ্যে পরিচালিত টিসিবির ভ্রাম্যমাণ ট্রাকসেল কার্যক্রম আগামী ১২ মার্চ পর্যন্ত দেশব্যাপী চলমান থাকবে। তিনি বলেন, টিসিবির সেবা শুধু পণ্য বিতরণের মধ্যে সীমাবদ্ধ নয়; এটি একটি গুরুত্বপূর্ণ জনসেবামূলক উদ্যোগ। সাধারণ মানুষ যাতে কোনো ধরনের ভোগান্তি ছাড়াই প্রয়োজনীয় পণ্য সংগ্রহ করতে পারে, সে বিষয়টি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।

কার্যক্রমে স্বচ্ছতা বজায় রাখতে প্রতিটি ওয়ার্ডে নাগরিক কমিটি গঠনের পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি। এসব কমিটি স্থানীয় পর্যায়ে টিসিবির পণ্য বিতরণ কার্যক্রম তদারকি করবে, যা অনিয়ম প্রতিরোধে সহায়ক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সাল আজাদসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বর্তমানে ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন বিভাগে টিসিবির ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি কার্যক্রম পরিচালিত হচ্ছে। আসন্ন রমজান মাসে ন্যায্যমূল্যে পণ্য সরবরাহ নিশ্চিত করতে সরকার এই উদ্যোগ গ্রহণ করেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

This post was viewed: 27

আরো পড়ুন