ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী বিদেশি সিনেমার প্রস্তাব ফিরিয়ে দেওয়ার বিষয়টি যেন তার নিয়মে পরিণত হয়েছে। এর আগে তিনি বলিউডের খ্যাতিমান নির্মাতা বিশাল ভরদ্বাজের ‘খুফিয়া’ ছবির প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন। এবার সেই তালিকায় যোগ হলো টালিউডের ছবি ‘বহুরূপী’।
গত আগস্টে এক পডকাস্টে মেহজাবীন নিজেই জানিয়েছেন, তিনি টালিউডের এই সিনেমার প্রস্তাবও গ্রহণ করেননি। তবে বিষয়টি প্রকাশের পরই নতুন বিতর্ক সৃষ্টি হয়। কারণ সিনেমার নির্মাতা নন্দিতা রায় পুরোপুরি অস্বীকার করেছেন যে, তিনি মেহজাবীনকে কোনো প্রস্তাব পাঠিয়েছেন।
ভারতীয় সংবাদমাধ্যমকে নন্দিতা রায় বলেন, “আমার পক্ষ থেকে এমন কোনো প্রস্তাব পাঠানো হয়নি। আমি এবং শিবপ্রসাদ মুখার্জি সব কাজ একসাথে করি। প্রযোজনাও যৌথভাবে করি। শিবুও ‘বহুরূপী’-এর ক্ষেত্রে সমানভাবে যুক্ত। বাংলাদেশে ওর অনেক পরিচিতি রয়েছে। তবে আমার পক্ষ থেকে কোনো প্রস্তাব গিয়েছিল না।”
মেহজাবীন পডকাস্টে আরও জানান, শুধু ‘বহুরূপী’ নয়, তিনি টালিউডের এক সুপারস্টারের ছবির প্রস্তাবও ফিরিয়ে দিয়েছেন। তিনি বলেন, “অফার এলেই যে গ্রহণ করতে হবে, তা নয়। অনেক সময় কথাবার্তা সেই পর্যায়ে পৌঁছোয় না, তাই কাজ হয় না।”