ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর আহভাজের কাছে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৪ জন নিহত এবং আরও ৫ জন আহত হয়েছেন। দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিমের বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
প্রতিবেদনে বলা হয়েছে, খুজেস্তান প্রদেশের স্থানীয় কর্মকর্তারা হামলা এবং হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে নিহতদের পরিচয় বা হামলার লক্ষ্যবস্তু সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
এদিকে, যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, তারা ইরানে টানা ১৩তম রাতের মতো সামরিক অভিযান পরিচালনা করেছে। সংস্থাটির এক বিবৃতিতে বলা হয়, সর্বশেষ অভিযানে ইরানের সামরিক কমান্ড সেন্টার, ড্রোন সংরক্ষণাগার, যোগাযোগ নেটওয়ার্ক, উপকূলীয় নজরদারি কেন্দ্র এবং সামুদ্রিক সক্ষমতাসংশ্লিষ্ট স্থাপনায় হামলা চালানো হয়েছে।
মার্কিন সামরিক বাহিনীর দাবি, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচলের ক্ষেত্রে ইরানের হুমকি কমানোর লক্ষ্যেই এসব অভিযান পরিচালিত হচ্ছে।
সেন্ট্রাল কমান্ড আরও জানায়, সাম্প্রতিক সময়ে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর হামলার পরও হরমুজ প্রণালি আন্তর্জাতিক নৌযান চলাচলের জন্য উন্মুক্ত রয়েছে। তাদের দাবি, মার্কিন সামরিক সহায়তায় বাণিজ্যিক জাহাজগুলো নিরাপদে চলাচল করছে।
অন্যদিকে, ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী বন্দর আব্বাসেও নতুন হামলার খবর পাওয়া গেছে। দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা ফার্স জানিয়েছে, শহরের তাপেহ আল্লাহু-আকবার আবাসিক এলাকায় হামলায় অন্তত ২ জন আহত হয়েছেন।