টানা কয়েক দফা মূল্যবৃদ্ধির পর অবশেষে জেট জ্বালানির দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জ্বালানি নিয়ন্ত্রণ কমিশন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অভ্যন্তরীণ রুটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম প্রায় ২২ টাকা কমিয়ে ২০৫ টাকা ৪৫ পয়সা নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিল ২২৭ টাকা ৮ পয়সা।
বৃহস্পতিবার অনুষ্ঠিত কমিশনের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী, নতুন দর আজ রাত ১২টার পর থেকেই কার্যকর হবে।
আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রেও জেট ফুয়েলের দাম কমানো হয়েছে। প্রতি লিটার ১.৪৮০৬ মার্কিন ডলার থেকে কমিয়ে ১.৩৩৮৫ ডলার নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে কমিশন।
জ্বালানি খাতের তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরুতে জেট ফুয়েলের দাম তুলনামূলকভাবে স্থিতিশীল থাকলেও ফেব্রুয়ারির পর থেকে আন্তর্জাতিক বাজারে অস্থিরতা দেখা দেয়। এরপর ধাপে ধাপে দেশে দাম বাড়তে থাকে।
মার্চে প্রথম দফায় বড় মূল্যবৃদ্ধির মাধ্যমে দাম দাঁড়ায় ১১২ টাকা ৪১ পয়সা। পরে ২৪ মার্চ দ্বিতীয় দফায় তা আরও বেড়ে ২০২ টাকা ২৯ পয়সা হয়। সবশেষ এপ্রিলে তা সর্বোচ্চ ২২৭ টাকা ৮ পয়সায় পৌঁছে।