টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় ঘোড়া জবাই করে মাংস প্রক্রিয়াজাত করার সময় চারজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ভোরে ধোপাকান্দি ইউনিয়নের চরভিটা গ্রামে ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চরভিটা গ্রামের একটি বাড়িতে ঘোড়া জবাই করে মাংস সংগ্রহ করার উদ্দেশ্যে সেখানে ১২টি ঘোড়া আনা হয়। এর মধ্যে আটটি ঘোড়া জবাই করে মাংস প্রস্তুত ও প্যাকেটজাত করা হচ্ছিল। খবর পেয়ে এলাকাবাসী ঘটনাস্থলে গিয়ে চারজনকে আটক করে থানায় খবর দেয়। এ সময় উত্তেজনা ছড়িয়ে পড়লে আটক ব্যক্তিদের মারধরের ঘটনাও ঘটে বলে জানা গেছে।
এ ঘটনায় আটক ব্যক্তিরা হলেন হৃদয় (২৩), সুমন (২০), ফরহাদ (৩০) ও আমিনুল ইসলাম (২৪)।
খবর পেয়ে গোপালপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চারজনকে হেফাজতে নেয়। গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে। ঘটনার পর এলাকায় সাময়িক উত্তেজনা দেখা দিলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।