যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের জনপ্রিয় পর্যটন এলাকা টাইমস স্কয়ারে গুলির ঘটনায় ১৭ বছর বয়সি এক কিশোরকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় অন্তত একজন আহত হয়েছেন বলে জানা গেছে।
স্থানীয় সময় বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে ব্রডওয়ে এলাকায় গুলির শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় পর্যটক ও স্থানীয় বাসিন্দারা নিরাপদ স্থানে যেতে ছোটাছুটি শুরু করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, মুহূর্তের মধ্যে পুরো এলাকায় বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়।
নিউইয়র্ক ফায়ার ডিপার্টমেন্টের তথ্য অনুযায়ী, আহত ব্যক্তিকে হাসপাতালে নেওয়া হয়েছে। তবে তার শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, কয়েকজনের মধ্যে বিরোধের জেরে গুলির ঘটনা ঘটে থাকতে পারে। ঘটনার পর অভিযান চালিয়ে সন্দেহভাজন এক কিশোরকে আটক করা হয়। কর্মকর্তারা জানিয়েছেন, তার বয়স ১৭ বছর হলেও এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো অভিযোগ আনা হয়নি।
ঘটনাস্থলে থাকা ব্যক্তিরা জানান, আকস্মিক গুলির শব্দে মানুষ আতঙ্কিত হয়ে বিভিন্ন দিকে ছুটতে শুরু করে। অনেকেই নিজেদের নিরাপত্তার জন্য আশপাশের দোকান ও ভবনে আশ্রয় নেন।
নিউইয়র্ক পুলিশ বিভাগ জানিয়েছে, ঘটনাস্থল থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। পাশাপাশি আরও কেউ এ ঘটনার সঙ্গে জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, গত এক সপ্তাহের মধ্যে টাইমস স্কয়ারে এটি দ্বিতীয় গুলির ঘটনা। এর আগে ১৪ জুন রাত ২টার দিকে ভিড় লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় একজন কিশোর আহত হয়।
পরপর দুই ঘটনায় নিউইয়র্কের অন্যতম ব্যস্ত এই পর্যটন এলাকার নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।