Skip to main content

Ridge Bangla

টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে পুলিশ সদস্য গুরুতর আহত

গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারীদের হামলায় এক পুলিশ কনস্টেবল গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (৩ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হোসেন মার্কেট এলাকার ফুটপাতে এ ঘটনা ঘটে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের অধীনে দায়িত্ব পালনকারী আহত কনস্টেবল মো. সাহমুল হক শান্ত (২৩) ২০২০ ব্যাচের পুলিশ সদস্য। তার বাড়ি ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায়।

পুলিশ ও স্থানীয়দের তথ্যমতে, ব্যক্তিগত কাজে টঙ্গী এলাকায় অবস্থানকালে রাত প্রায় ১১টার দিকে কয়েকজন দুর্বৃত্ত তার ওপর অতর্কিত হামলা চালায়। ধস্তাধস্তির একপর্যায়ে হামলাকারীদের একজন ধারালো অস্ত্র দিয়ে তার গলায় আঘাত করে। গুরুতর আহত হয়ে রক্তক্ষরণে তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন।

চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত পালানোর চেষ্টা করে। এ সময় স্থানীয়রা ধাওয়া দিয়ে রনি (২৬) নামে এক সন্দেহভাজনকে আটক করে গণপিটুনি দেয়। পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে হেফাজতে নেয়।

আহত কনস্টেবলকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগে চিকিৎসা শেষে তাকে ওয়ার্ডে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, আঘাতে তার গলায় গভীর ক্ষত হয়েছে এবং তিনি এখন নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। পাশাপাশি সন্দেহভাজন আহত ব্যক্তিকেও হাসপাতালে পাঠানো হয়েছে।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীন খান জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পলাতক অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।

This post was viewed: 37

আরো পড়ুন