Ridge Bangla

ঝিনাইদহে মুকুল মল্লিক হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন

ঝিনাইদহের হরিণাকুণ্ডুর আলোচিত মুকুল মল্লিক হত্যা মামলায় ৩ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা পরিশোধ না করলে আরও ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে অতিরিক্ত দায়রা জজ (দ্বিতীয়) আদালতের বিচারক গৌতম কুমার ঘোষ এ রায় ঘোষণা করেন।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন নিহত মুকুল মল্লিকের স্ত্রী ফিরোজা খাতুন, আলমগীর হোসেন ও বিল্লাল হোসেন।

মামলার বিবরণ অনুযায়ী, ২০১৭ সালের ৬ এপ্রিল রাতে পারিবারিক কলহের জেরে বাড়ি থেকে নিখোঁজ হন মুকুল মল্লিক। পরে ১৩ এপ্রিল হরিণাকুণ্ডু থানার গোপীনাথপুর গ্রামের বাঘমারা মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় নিহতের মা আর্জিনা বেগম বাদী হয়ে একই দিন হরিণাকুণ্ডু থানায় হত্যা মামলা করেন।

তদন্ত শেষে পরকীয়ার জেরে হত্যাকাণ্ড ঘটেছে উল্লেখ করে ২০১৮ সালের ৬ জুন আদালতে অভিযোগপত্র জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা।

দীর্ঘ বিচারিক কার্যক্রম ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। একই মামলার অপর ২ আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আলমগীর হোসেন পলাতক রয়েছেন। তার বিরুদ্ধে সাজা উল্লেখ করে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছেন আদালত।

This post was viewed: 3

আরো পড়ুন