ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ কেন্দ্রীয় নেতাদের ওপর হামলা, ইটপাটকেল নিক্ষেপ ও ছিনতাইয়ের অভিযোগে মামলা হয়েছে। ঘটনায় স্থানীয় ছাত্রদলের ৮ নেতার নাম উল্লেখসহ আরও ১১০ থেকে ১১৫ জন অজ্ঞাতকে আসামি করা হয়েছে।
শুক্রবার (২২ মে) রাতে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজা বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় মামলাটি দায়ের করেন।
মামলার এজাহারে বলা হয়, জুমার নামাজ শেষে শহরের পুরাতন ডিসি কোর্ট জামে মসজিদ থেকে বের হওয়ার সময় এনসিপি নেতাদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। হামলাকারীরা ঘুসি, ইটপাটকেল, জিআই পাইপ, বেসবল ব্যাট ও ধারালো অস্ত্র ব্যবহার করে।
এ ঘটনায় নাসীরুদ্দীন পাটওয়ারীসহ কয়েকজন নেতাকর্মী আহত হন বলে দাবি করা হয়েছে। হামলার সময় একটি ডিএসএলআর ক্যামেরা, লেন্স, মোবাইল ফোন ও নগদ অর্থ ছিনতাই করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ৯০ হাজার টাকা বলে উল্লেখ রয়েছে।
মামলায় নাম থাকা ছাত্রদল নেতাদের মধ্যে রয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক শাহেদ আহম্মেদ, জেলা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেনসহ আরও কয়েকজন।
ঝিনাইদহ সদর থানার ওসি জানান, অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।